রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে ১০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনায় বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০ মার্চ খুলে দেওয়া হচ্ছে। ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন এ কথা জানিয়েছেন। তিনি জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার, পোস্টারিং, প্রচারপত্র প্রচার ও বিতরণ নিষিদ্ধ থাকবে।
গত ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। হামলার পর ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ। এরপর ওই দিনই জরুরি সিন্ডিকেটের সভায় ৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। একই বৈঠকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
হামলার ঘটনা তদন্তের ব্যাপারে ইলিয়াছ হোসেন আরও জানান, ‘তদন্তকাজ চলছে। এখন এটা নিয়ে এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।’ ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলাগুলোও আইন অনুযায়ী চলছে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ওপর ন্যস্ত করা হয়েছে। ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানকালীন সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখার কথা বলেন তিনি।