শিক্ষকদের একাংশের সংবাদ সম্মেলন প্রথম বর্ষের ভর্তি-প্রক্রিয়া চলবে
রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং দ্রুত ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চালু করার দাবিতে শিক্ষকদের একটি পক্ষ গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে। আর শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় আপাতত না খুললেও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি-প্রক্রিয়া চলবে।
শিক্ষার্থীদের বর্ধিত ফি বাতিল ও সান্ধ্যকালীন স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স বন্ধ করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গত রোববার হামলায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ এবং সাংবাদিকসহ শতাধিক ছাত্রছাত্রী আহত হন। হামলার সময় ছাত্রলীগের ছয় নেতাকে আগ্নেয়াস্ত্র হাতে তৎপর অবস্থায় দেখা যায়। ওই ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে গতকাল দুপুরে সংবাদ সমেঞ্চলন করেছে ‘জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)’। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক এক লিখিত বক্তব্যে বলেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করেছেন। পুলিশও এ সময় শিক্ষার্থীদের ওপর একযোগে গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা চারটি মামলাতেই অজ্ঞাতনামা শত শত শিক্ষার্থীকে আসামি করে হয়রানি করা হচ্ছে।
এসব মামলা প্রত্যাহার ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ভাঙচুরের সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা ছিল রহস্যজনক। সেদিন আন্দোলনের নামে জুবেরি ভবন, শিক্ষকদের গাড়ি ও বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে ব্যাপক ভাঙচুরে জড়িতদের শাস্তি দিতে হবে। ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে কোনো সমাধান সম্ভব নয়, বরং এতে চলমান সেশনজট আরও প্রকট হবে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও বিভিন্ন বিভাগের কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মেই। রোববারের হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. খালেকুজ্জামান বলেন, দাপ্তরিক চিঠি পাওয়ার পর তিনি গত বুধবার বিকেলে কমিটির অন্য সদস্যদের নিয়ে বৈঠক করেন। ইতিমধ্যে তাঁরা ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শনও করেছেন। ঘটনায় অনেক পক্ষ জড়িত রয়েছে। শিক্ষকদের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিতে হবে। আবার যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের সঙ্গেও কথা বলতে হবে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে না ফিরলে তাঁদের সঙ্গে কথা বলাও মুশকিল। তাই তদন্ত শেষ করতে ঠিক কত সময় লাগবে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন প্রথম আলোকে বলেন, তাঁরা সব পক্ষের সহযোগিতায় যত দ্রুত সম্ভব ক্যাম্পাস খুলে দেওয়ার চেষ্টা করছেন।
উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ মিজানউদ্দিন বলেন, সব মিলিয়ে ক্যাম্পাস খুলে দিতে বেশ কিছুটা সময় লাগবে। তাঁরা ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
‘এ’ ইউনিটে ভর্তির লিখিত পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সমঞ্চান) শ্রেণীতে ‘এ’ ইউনেটের বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন গত বুধবার বলেন, ১৫ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত বাংলা, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আরবি ও বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ইসলামিক স্টাডিজ বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা এবং নাট্যকলা ও সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার তারিখ ১৫ ফেব্রুয়ারির পর সংশ্লিষ্ট বিভাগ থেকে পরীক্ষার্থীদের জেনে নিতে হবে। ক্যাম্পাস না খুললেও ভর্তির জন্য লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার যথাসময়ে নেওয়া হবে।