রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর করার ঘটনায় মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী কাওসার আলম সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি (শৃঙ্খলা) কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, কাওসারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো পর্যালোচনা করে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আর কোনো দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হলে ফেরার সময় তাপসী রাবেয়া হলের সামনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে মারধর করেন কাওসার। ওই ছাত্রীর বান্ধবীরা জানান, গত বছরের শেষ দিকে ওই ছাত্রীকে কাওসার প্রেম নিবেদন করেন। প্রেমে রাজি না হওয়ায় সে সময়ও কাওসার তাঁকে মারধর করেন। তখন প্রক্টরের কাছ থেকে মুচলেকা নিয়ে রেহাই পান কাওসার। সে সময় কাওসারকে ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।