রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কাল
অষ্টম জাতীয় বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে আগামীকাল রোববার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ শনিবার সকালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা অবনমন করার প্রতিবাদে চলমান আন্দোলনকে অর্থমন্ত্রী ‘অজ্ঞতাপ্রসূত’ বলে মন্তব্য করায় এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। গত বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে রেজাউল করিম প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির সভায় অর্থমন্ত্রীর ওই মন্তব্য কে ‘আপত্তিকর’ উল্লেখ করে এর নিন্দাও জানানো হয়। অর্থমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে পূর্ণদিবস এ কর্মবিরতি পালন করবেন।