রাজশাহী বিশ্ববিদ্যালয় ৮ বছরে ২৩ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে
চারদলীয় জোট সরকারের সময়সহ গত আট বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ কোটি ২২ লাখ টাকার অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জনবল নিয়োগ, পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষা-প্রকল্প ও প্রকৌশল খাতে এসব অনিয়ম-দুর্নীতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত দুর্নীতি তদন্তে ২০০৯ সালের শেষ দিকে সিন্ডিকেটের বৈঠকে এ কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে গত রোববার সিন্ডিকেটের কাছে প্রতিবেদন পেশ করে কমিটি। গত সোমবার রাতে সিন্ডিকেট সভায় ওই প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকী ও এম আলতাফ হোসেন এবং সাবেক সহ-উপাচার্য শাহাদত হোসেন মণ্ডল ও মামনুনুল কেরামত এসব দুর্নীতির জন্য দায়ী। এ ছাড়া ওই তদন্ত প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এম লুৎফর রহমান, পিজিডি ইন আইটি প্রজেক্ট পরিচালক খাজা জাকারিয়া আহমেদ চিশতী ও লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার তাজুল ইসলামকেও দুর্নীতির জন্য দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে জোট সরকারের আমলে জনবল নিয়োগে সাত কোটি তিন লাখ ৭৫ হাজার ৪৩৫ টাকার অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদসহ বিভিন্ন পদে ৬০২টি পদের বিপরীতে সম্পূর্ণ দলীয় বিবেচনায় এক হাজার ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা দপ্তরের অধীনে উন্নয়ন খাতে আট কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার অনিয়ম-দুর্নীতি হয়েছে বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়।তা ছাড়া ২০০০-০১ এবং ২০০৩-০৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ও জার্নাল কেনার জন্য দুই কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও এ খাতে এক কোটি ৫২ লাখ টাকা খরচ করা হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন দ্রুত শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হবে।