রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে সংগঠিত হচ্ছে শিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে ইসলামী ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ে নিজেদের দখলদারি ফিরে পেতে এবং জামায়াতের আটক নেতাদের মুক্তির দাবিতে চলমান ‘আন্দোলনকে’ এগিয়ে নিতে ইতিমধ্যে তারা ক্যাম্পাসের আশপাশের কয়েকটি স্থানে শক্ত অবস্থান নিশ্চিত করেছে। সেখান থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে শিবিরের ক্যাডাররা। এ কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। রাজশাহী মহানগর ও ক্যাম্পাসে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। ইতিমধ্যে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুর বাজারে শিবির-নিয়ন্ত্রিত মহানন্দা ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের বিপুল পরিমাণ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। এর আগে গত রোববার শিবিরের হল শাখার সভাপতিসহ পাঁচজনকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ফেব্রুয়ারিতে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসে নিজেদের আধিপত্য হারায় শিবির। সেই হারানো আধিপত্য ফিরে পেতে নিজেদের এখন প্রায় সামলে নিয়েছে। ফলে হরতাল, বিক্ষোভ থেকে শুরু করে জামায়াতের যেকোনো কর্মসূচিতে বিনোদপুর বাজারে ঝটিকা মিছিল বের করে নাশকতামূলক কর্মকাণ্ড চালায় শিবির। বিনোদপুর এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির রায়ের পর থেকে দেড় মাসে বিনোদপুর বাজারে শিবিরের সঙ্গে পুলিশের প্রায় ১০টির মতো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যেখানে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণসহ যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা রয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু পুলিশ সদস্য ও সাংবাদিক। গত ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় শিবির। সর্বশেষ গত রোববার গভীর রাতে বিনোদপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে শহীদ, সদস্য মাইনুল হোসেন ও ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রুহুল আমিনকে কুপিয়ে জখম করে হাত-পায়ের রগ কেটে দেয়। গোয়েন্দা সূত্রগুলো বলছে, বিনোদপুর, কাজলা ও তালাইমারী এলাকায় শিবিরের কর্মীরা বিভিন্ন ছাত্রাবাসে এবং ভাড়া বাসায় অবস্থান করছেন। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পর তাঁরা দ্রুত সেসব ছাত্রাবাসে আশ্রয় নেন। এলাকার জামায়াতের নেতারা তাঁদের এ সহযোগিতা দিয়ে আসছেন।বিনোদপুর এলাকায় ওয়েলফেয়ার, শাহাবুদ্দিন ম্যানসন, গোল্ডেন প্লাস, নিশাত ছাত্রাবাস ও ক্ষণিকা ছাত্রাবাসে শিবির শক্ত অবস্থান নিশ্চিত করেছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় নয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও এখন ছাত্রশিবিরের বহু কর্মী আশ্রয় নিয়েছেন। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সদস্য হিসেবে শিবিরের কর্মীরা অবস্থান করছেন বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ছয়টি স্থান টার্গেট করে ক্যাম্পাসে নিজেদের দখলদারি বজায় রাখার পরিকল্পনা করছে ছাত্রশিবির। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ-সংলগ্ন প্রবেশপথ, মেহেরচণ্ডী কড়ইতলা, বুধপাড়া, বিনোদপুর, মির্জাপুর ও কাজলা গেট। এসব স্থানের আশপাশের এলাকায় শিবির এখন পুরোমাত্রায় সংগঠিত। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল মজিদ বলেন, ‘ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিবিরের নাশকতা ঠেকাতে পুলিশ আগের চেয়ে অনেক সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আমরা অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, শিবির তাদের হারানো আধিপত্য ফিরে পেতে পরিচয় গোপন রেখে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনে নিজেদের কর্মীদের প্রবেশ করাচ্ছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চোরাগোপ্তা হামলা থেকে শুরু করে নানা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শিবির। তারা আবারও ক্যাম্পাসে রগ কাটার রাজনীতি চালু করতে চাইছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক সোহরাব হোসেন জানান, সরকারের শেষ সময়ে এসে তারা বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে। এ কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এখন উদ্বিগ্ন।