রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থীদের ভরাডুবির কারণ তীব্র অন্তঃকলহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সিন্ডিকেট ও সিনেট নির্বাচনে আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ-সমর্থিত হলুদ প্যানেলের ভরাডুবি হয়েছে। এ ছাড়া শিক্ষক সমিতির নির্বাচনেও গুরুত্বপূর্ণ পদগুলো হারিয়েছেন তাঁরা। প্রতিক্রিয়ায় সমর্থকেরা এখন বলছেন, পরাজয়ের কারণ অন্তঃকলহ।
এই প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট, সিন্ডিকেট, শিক্ষক সমিতি, ডিনসহ সাতটি ক্যাটাগরিতে ৭০ পদের নির্বাচন অনুষ্ঠিত হলো। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাতেই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ১৫৩ জন।
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নিবন্ধিত সদস্য ৬৭০ জন। হিসাব অনুযায়ী দলীয় প্রার্থীকে ভোট দিলে তাঁদের জয়ী হওয়ার কথা কিন্তু বাস্তবে তা হয়নি। বিএনপি-জামায়াতপন্থী ‘জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ (সাদা দল) সিনেট ও সিন্ডিকেটে জয়ী হয়েছে। শিক্ষক সমিতির শীর্ষ পদেও বিজয়ী হয়েছেন সাদা দলের শিক্ষকেরা।
জানতে চাইলে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, অনেক আগে থেকে এ রকম হয়ে আসছে। নিজেদের দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকে। ওটাই মূলত দায়ী। তারপর আরও অনেক ব্যাপার আছে। তার মধ্যে অন্তর্দ্বন্দ্বই প্রধান। এ ছাড়া অনেক ক্যাটাগরির নির্বাচন একসঙ্গে হওয়ার কারণে বিপর্যয়টা বড় মাত্রায় চোখে পড়ছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিকতার কথাও বলেন অনেকেই। সব বিষয়কে একসঙ্গে সমন্বয় করা দুরূহ ব্যাপার। সবাইকে সন্তুষ্ট করা যায় না। যোগ্য প্রার্থীর সংখ্যাও বেশি। একই পদে ১০ থেকে ১৫ জন মনোনয়ন চান। তাঁদের মধ্য থেকে একজনকে দিতে হয়। এতে নয়জনই অসন্তুষ্ট হন। আগে ভোটের সময় এলে এই অসন্তোষ মিটে যেত। এখন তো সবাই পুষে রাখেন।
তাহলে প্রাপ্তির বিষয়টিই বড় হয়ে দেখা দিয়েছে। এখানে আদর্শের জায়গাটি কোথায়-জানতে চাইলে জুলফিকার আলী বিষয়টি বুঝে নিতে বলেন। এ ব্যাপারে মন্তব্য করতে চাননি। তিনি আরও বলেন, যা-ই হোক, একটা নির্বাচন দিয়েই বিচার করা যাবে না। ভবিষ্যতে আরও ভালো হতে পারে। এই পরাজয়ের জন্য কেউ কেউ দলের নেতৃত্বকেও চরমভাবে দায়ী করছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘বরাবরই তো এ রকম বলা হয়। এটা কিছুটা তো মেনে নিতেই হয়। তবে শুধু নেতৃত্বের দিকে তাকিয়ে থাকলেই কি চলবে? দায়িত্ব কিছুটা আমাদের নিতেই হয়। আমরা তো চেষ্টা করেছি। ওপর থেকেও বলে দেওয়া হয়েছে। তারপরও ভেতরে ভেতরে এ রকম “ম্যাচাকার” হতে পারে, আমরা অনুমান করতে পারিনি।’
পরাজয়ের কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, ‘এটা দিবালোকের মতো সত্য যে দলের কিছু শিক্ষক নিজেদের প্যানেলে ভোট দেননি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বর্তমানে ক্ষমতায়। সামনে সিটি করপোরেশন নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। এ সময়ে তাঁরা কারা, এটা আপনারা জানেন। এটা খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক। আমাদের মুখ দেখানোর উপায় নেই। অথচ ভোটের দিন ছিল শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাঁর রক্তের ওপর পা দিয়ে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়ালাম।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘এই উপাচার্যের আগের মেয়াদে প্রচুর নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়েছে। সেগুলোই বা গেল কোথায়-আমরা তো গুনে কিছু পাচ্ছি না। নিয়োগ দিয়ে শুধু বাণিজ্যই হলো, নাকি আমাদের আদর্শের জায়গা থাকল। শুধু দল, শুধু ভোট মনে করে নিয়োগ দিলেই হয় না। মানুষ এখন অনেকটা সচেতন। সুশাসনই একমাত্র প্রশাসনকে টিকিয়ে রাখতে পারে। সেখানে মত প্রকাশের জায়গাও থাকতে পারে, রাজনীতি করারও সুযোগ থাকতে পারে।’ তিনি আরও বলেন, ‘সেই সঙ্গে যোগ্য প্রার্থী দেওয়ার বিষয়টিও রয়েছে। যোগ্য প্রার্থী এ জন্যই দেওয়া দরকার ভোটারদের সম্মান করার জন্য। যেমন-তেমন একটা প্রার্থী দিলাম আর ভোটাররা ঝাঁপিয়ে পড়বে, সম্মানিত বোধ করবে, এটা আশা করা ঠিক না।’
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীপন্থী একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, তাঁদের ভোটার বেশি এটা শুধু সংখ্যায়। তাঁরা আদর্শের জায়গায় নেই। শুধু নিজের স্বার্থের হিসাব-নিকাশ নিয়ে সবাই ব্যস্ত।