রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাতটি বিভাগে চালু করা সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার তৃতীয় তিনের মতো ছাত্র ধর্মঘট চলছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। পরিত্যক্ত অবস্থায় আরও একটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

‘বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্য কোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আজ সকাল সাড়ে সাতটা থেকে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সব ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। তাঁরা ৫০-৬০ জন করে ছোট ছোট দলে ভাগ হয়ে ভবনগুলোর সামনে অবস্থান  নেন। এ সময় ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘটের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল ১০টার দিকে অর্থনীতি বিভাগের শিক্ষকেরা দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিতে চাইলে আন্দোলনকারীরা তাঁদের বাধা দেন। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারীদের বাগবিতণ্ডা চলে। তবে পরীক্ষা হয়নি।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হতে শুরু করেন। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো ফোকলোর মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে তাঁরা পৌনে ১২টা থেকে সাড়ে ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন ভবন অবরোধ করে রেখেছেন।

সকাল সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে ও রবীন্দ্র ভবনের পাশে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনের নালা থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নূর প্রথম আলো ডটকমকে বলেন, ‘কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা এখনো জানতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তারিকুল হাসান জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে এই ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে যত বাধাই আসুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন বিভিন্ন বিভাগে বাণিজ্যিকভাবে সান্ধ্য কোর্স চালু করার নামে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকা পরীক্ষার ফি ও সনদপত্র উত্তোলনসহ বিভিন্ন ধরনের ফি ১ জানুয়ারি থেকে কয়েক গুণ বাড়ানো হয়েছে। এতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা স্বল্প খরচে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন।