রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাংসদ জিনাতুননেসা তালুকদার, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম নুরুল্লাহ, রেজিস্ট্রার এম এ বারী প্রমুখ। প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করবে। ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধা রেখে প্রচলিত সব ধরনের শিক্ষাব্যবস্থাতেই যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানো হয়, সরকার সে ব্যবস্থা করছে।