রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চড়াও ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: শহীদুল ইসলাম
হামলায় গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হন ছাত্রলীগের কর্মীরা। পরে শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, ছড়রা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দলটির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো সহিংস রূপে হাজির হলো।

পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে চালু করা সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে আন্দোলন করছেন। চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করেছে। তবে বর্ধিত ফি পুরোপুরি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবি মেনে না নেওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন  আন্দোলনরত শিক্ষার্থীরা।

অস্ত্রধারী এক হামলাকারী। ছবি: শহীদুল ইসলাম
অস্ত্রধারী এক হামলাকারী। ছবি: শহীদুল ইসলাম



বিশ্ববিদ্যালয় সূত্র, আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনে অনড় শিক্ষার্থীরা আজ সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করছিলেন। সকাল ১০টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করতে থাকেন।

বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করার বিষয়ে প্রশাসনের ঘোষণায় আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল নিয়ে তারা প্রশাসনিক ভবনের সামনে যায়। একপর্যায়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সমাবেশের ভেতর তারা ঢুকে পড়ে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ সময় অস্ত্র বহন করছিলেন। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অস্ত্রধারী দুই হামলাকারী। ছবি: শহীদুল ইসলাম
অস্ত্রধারী দুই হামলাকারী। ছবি: শহীদুল ইসলাম

ঘটনার সময় সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে পুলিশ। এতে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরাও গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন সাধারণ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে ২০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তরা হয়েছে। এঁদের মধ্যে নয়জন শিক্ষার্থী রাবার বুলেটবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতরে আশ্রয় নেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন গ্রন্থাগারের পেছনে।

বেলা দুইটার দিকে বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসেন। এ সময় পুলিশ আবারও রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রলীগ ও পুলিশের হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি: শহীদুল ইসলাম
ছাত্রলীগ ও পুলিশের হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি: শহীদুল ইসলাম



নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত কয়েকজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের সমাবেশে ঢুকে হামলা চালিয়েছেন। তাঁরা গুলিও ছুড়েছেন। এ সময় পুলিশও তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম দাবি করেছেন, ওই সমাবেশ থেকে তাঁদের মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। আন্দোলনকারীদের মধ্যে শিবিরের কর্মী রয়েছেন। তাঁদের তাড়াতেই তাঁরা ওই সমাবেশের ভেতরে ঢুকেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে উত্তেজনা চলছে। এখন কথা বলা যাবে না।

হামলায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: শহীদুল ইসলাম
হামলায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: শহীদুল ইসলাম

সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রথম দফার হামলার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে সাংবাদিকদের লাঠিপেটা করে পুলিশ। এতে অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন।

পরে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিম প্রথম আলোকে বলেন, পুলিশ শান্তিপূর্ণ অবস্থানেই ছিল। ছাত্রলীগের একটি মিছিল সাধারণ শিক্ষার্থীদের সমাবেশস্থলে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ।

হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি: শহীদুল ইসলাম
হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি: শহীদুল ইসলাম



অন্যদিকে ‘আন্দোলনের নামে নৈরাজ্যের’ প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা।

প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সমাবেশের ভেতর ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢুকে পড়েন। ছবি: শহীদুল ইসলাম
প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সমাবেশের ভেতর ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢুকে পড়েন। ছবি: শহীদুল ইসলাম

গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ মিজানউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দিন ধরে আন্দোলনের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলা করছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নস্যাত্ হতে দিতে চাই না। তাই আমরা সব ধরনের বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করছি। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ সন্ধ্যাকালীন কোর্স বন্ধ করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নিয়মিত কোর্সকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা হবে না—এমন নিশ্চয়তা নিয়েই বিভাগগুলোতে এই কোর্স চালুর অনুমতি দেওয়া হয়েছে।’