রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রজোটের নেতাদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ভর্তি ফরমের মূল্যবৃদ্ধিসহ আবাসিক হলের আসনভাড়া বৃদ্ধির প্রতিবাদে চার দিন ধরে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করে আসছেন। গতকাল বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের সময় ভবনের প্রধান ফটক প্রায় এক ঘণ্টা বন্ধ করে রাখেন। পরে প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আন্দোলনকারীরা এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করেন। একপর্যায়ে মাসুদ ওরফে ভাগ্নে মাসুদের নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আহসান হাবিব, ছাত্র মৈত্রীর আহ্বায়ক ইকবাল কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্কুলবিষয়ক সম্পাদক রেহান মাহমুদসহ অন্তত ১০ জন আহত হন। আহত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রসহ নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের শিপন আহমেদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানান।তবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন দাবি করেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। আন্দোলনের নামে ক্যাম্পাসকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবেন না।