রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতৃত্বহীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াই অনেকটা নেতৃত্বহীনভাবে চলছে ছাত্রলীগ। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণার এক বছর পূর্ণ হয়। কিন্তু প্রায় পাঁচ মাস ধরে নানা কারণে সংগঠনটি নেতৃত্বশূন্য। আর এ সুযোগে ক্যাম্পাসে ছাত্রশিবির সংগঠিত হচ্ছে বলে ক্যাম্পাস সূত্র জানায়।সংগঠন সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে আওয়াল কবিরকে সভাপতি, মাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদকসহ ছয়জনের কমিটি করে তাঁদের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়। কিন্তু ওই কমিটি গঠনের পর সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এ কারণে ওই কমিটির পক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। তা ছাড়া গত বছরের ৭ আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম কেন্দ্রীয় ছাত্রলীগ সাময়িকভাবে স্থগিত করে। গত বছরের ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে বিশেষ খাবারের টোকেন বিতরণ নিয়ে ছাত্রলীগের সভাপতির সমর্থকেরা সাধারণ সম্পাদকের সমর্থক নাসিমকে ওই হলের দোতলা থেকে নিচে ফেলে দেন। ২৩ আগস্ট তাঁর মৃত্যু হয়। পরের দিন কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেন। এরপর ছাত্রলীগ ক্রমেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এ সুযোগে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা ক্যাম্পাসে সংগঠিত হওয়ার লক্ষ্যে নানাভাবে তৎপরতা শুরু করে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী আহাম্মদ আলী, আবু হুসাইন, এরশাদুল হকসহ অনেক কর্মী-সমর্থক জানান, ছাত্রলীগকে সুগঠিত করার জন্য দ্রুত কমিটি ঘোষণা করা উচিত।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়াল কবির ও সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রশিবিরমুক্ত করার পাশাপাশি ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য অবিলম্বে ছাত্রলীগের কমিটি গঠন করা প্রয়োজন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।