রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করছে ছাত্রলীগ। আর তাতে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ২০০৯ সালের ১১ মে সিন্ডিকেটের এক সভায় ক্যাম্পাসে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে সাংস্কৃতিক-কর্মীদের দাবির মুখে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা অদ্যাবধি বহাল আছে। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে ওই নিষেধাজ্ঞা জারি করার পরও বেশ কিছু বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়টিতে। কয়েকটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা জানান, বিভিন্ন ইস্যুতে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো আন্দোলন কর্মসূচি পালন করতে গেলে রাজনৈতিক নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে তাতে বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাদের ওপর হামলার প্রতিবাদে গত বছরের ১০ অক্টোবর ক্যাম্পাসে মিছিল বের করলে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সভা-সমাবেশ করতে গিয়ে প্রশাসনের বাধায় তা করতে পারেনি প্রগতিশীল ছাত্রসংগঠন ও ছাত্রদল। তবে প্রশাসনের কর্তাব্যক্তিরা বিভিন্ন সময়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী কর্মসূচি পালনের অনুমতি দিয়ে থাকেন। এর আগে বেশ কয়েকটি কর্মসূচি ক্যাম্পাসের বাইরে পালন করলেও শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসেই ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে। এ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। কর্মসূচিতে প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা অংশ নেন। ফলে নিধেষাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা।প্রগতিশীল ছাত্রজোটের আহ্বায়ক উৎসব মোসাদ্দেক বলেন, ‘প্রশাসন রাজনৈতিক নিষেধাজ্ঞাটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। যখন প্রয়োজন মনে করে, ব্যবহার করে; আবার যখন প্রয়োজন, স্বাধীনতা দেয়। কয়েক দিন আগে ছাত্রজোটও মিছিল করেছে। কিন্তু প্রশাসনের স্বার্ধবিরোধী আন্দোলন করতে গেলে সেখানে নিষেধাজ্ঞার দোহাই দেওয়া হয়।’ ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সমান অধিকার থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বলেন, ‘প্রশাসন সরকারের বিরোধী পক্ষকে দমিয়ে রাখতে নিষেধাজ্ঞাটি ব্যবহার করছে। আমাদের কর্মসূচি পালন করতে দেওয়া না হলেও অন্যদের দেওয়া হয়।’ এ বিষয়ে প্রক্টর চৌধুরী মোহাম্মাদ জাকারিয়া বলেন, ‘ছাত্রদের নিরাপত্তা দিতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে আবারও মাইকিং করে নিষেধাজ্ঞার কথা জানানো হবে।’ যোগাযোগের চেষ্টা করা হলেও উপাচার্য ফোন ধরেননি।