রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও মতিহার থানার পুলিশ সূত্রের ভাষ্যমতে, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের শরীফুল ইসলাম ওরফে শরীফের পক্ষের কর্মী পলাশ ও আরিফের নেতৃত্বে বেশ কয়েকজন কর্মী ক্যাম্পাসে মহড়া দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থানরত ছাত্রলীগের কর্মী ওয়ালিদ হাসান ওরফে নয়নের পক্ষের কর্মীরা শরীফের পক্ষের কর্মীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নয়নের পক্ষের আমিন, বেহেস্তী ও দেব আহত হন। শরীফের পক্ষের নেতা-কর্মীরা নয়নের পক্ষের কর্মীদের ধাওয়া দিয়ে বঙ্গবন্ধু হলে অবস্থান নেন। সেখানে নয়নের পক্ষের কর্মীরা সংঘবদ্ধ হয়ে শরীফের পক্ষের কর্মীদের পাল্টা ধাওয়া দেন এবং পলাশকে মারধর করেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে ছাত্রলীগের উভয় পক্ষের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। এসব ঘটনার পর গতকাল বিকেল চারটার দিকে ছাত্রলীগের কর্মী পলাশ ও আরিফের নেতৃত্বে বেশ কিছু কর্মী বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে ক্যাম্পাসে আবারও মহড়া দিতে শুরু করেন। আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা এদিক-ওদিক ছোটাছুটি করেন। মহড়া শেষে শরীফের পক্ষের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের দিকে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। এতে ছাত্রলীগের কর্মী মনোয়ারুল ইসলাম ও মেহেদী আহত হন। পুলিশ মনোয়ারুলকে আটক করে মতিহার থানায় নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ বিকেল পৌনে পাঁচটা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ-নিয়ন্ত্রিত ২২২, ২২৩, ২২৪, ২২৫, ২২৬, ২২৭, ২২৮, ২২৯, ২৩১ ও ২৩২ নম্বর কক্ষে তল্লাশি চালায়। এক ঘণ্টার তল্লাশি অভিযানে ২৫টি রামদা, ১৩টি কিরিচ, ১৩টি হাঁসুয়া, ১০টি লোহার রড, ১৫ স্টিলের পাইপ, তিনটি চায়নিজ কুড়াল, ছয়টি হাতুড়ি, দুটি ক্ষুর, তিনটি ধারালো চাকু, ছয়টি হকিস্টিক, তিনটি সাইকেলের চেন, এক বস্তা ভাঙা পাথর ও ২০টি খালি মদের বোতল উদ্ধার করা হয়। পরে ওইসব কক্ষ সিলগালা করে দেয় হল প্রশাসন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, উদ্ধার করা ধারালো অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী থানা হেফাজতে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা দ্বিধাবিভক্ত হয়ে ক্যাম্পাসে অপতর্যাপরতা চালানোর চেষ্টা করছে। ছাত্রলীগের কর্মী ও সমর্থকদের সুসংগঠিত করতে অবিলম্বে কমিটি গঠনের কোনো বিকল্প নেই।