রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব-২০১০ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক খুলে দেয় মনের দুয়ার। পারিবারিক, সামাজিক ও জাতীয় প্রেক্ষাপটে সত্যিকার যুক্তির প্রয়োগই কেবল এনে দিতে পারে প্রকৃত গণতন্ত্রের স্বাদ। আমাদের এমন একটি সমাজ কল্পনা করা উচিত, যেখানে আবেগ নয়, যুক্তির প্রয়োগে রাষ্ট্রের প্রত্যেক মানুষ সমান সুযোগ-সুবিধা নিয়ে বেঁচে থাকবে।বিতর্কের পক্ষে এ রকম অনেক যুক্তি উপস্থাপন করার মধ্য দিয়ে এবং ‘গণতান্ত্রিক বাজেট হোক তারুণ্যের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব-২০১০ শুরু হয়েছে। এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে অতিথিরা উল্লিখিত কথাগুলো বলেন। একই সঙ্গে তাঁরা বিভিন্ন শ্রেণীর পাঠ্যসূচিতে বিতর্ককে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটরস বাংলাদেশ (গোল্ড-বাংলাদেশ) এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উৎসবের উদ্বোধন করেন সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম আবদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মিজান উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে বীর প্রতীক নূর হামিদ রিজভী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ কুমার সাহা, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার প্রমুখ অতিথি ছিলেন। গোল্ড-বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম জানান, এ উৎসবে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এ আয়োজনে সার্বিক সহায়তায় রয়েছে বেসরকারি সংগঠন অ্যাকশনএইড বাংলাদেশ, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন।