রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়ের বিপরীতে আজ স্বপ্ন নির্মাণের গল্প’—এ স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১০।বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি দল অংশ নিচ্ছে। বিএফডিএফের প্রধান নির্বাহী সদস্য সুনীতি দেবী মণ্ডল জানান, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ্। পরে সেখানে ক্যারিয়ার প্লানিং বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শুক্রবার এবং তৃতীয় দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ও রবীন্দ্র কলা ভবনের বিভিন্ন কক্ষে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। আর প্রতিযোগিতার সমাপনী দিনে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বারোয়ারি বিতর্ক ও চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান।