রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট ২৯ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দকে হত্যার বিচারের দাবিতে গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দের হত্যাকারীরা ধরা না পড়লে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
গত শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ। ছাত্রলীগের দাবি, শিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে শিবির। হত্যাকাণ্ডটি নিয়ে ছাত্রলীগের দুই নেতা-কর্মীর দিকেও অভিযোগের তির রয়েছে।