রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটে প্রশাসনের বাধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে। তবে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে অবস্থান নেওয়া জোটের নেতা-কর্মীদের জোর করে সরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা আজ সোমবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। এরপর ৮টা ১০ মিনিটে তাঁরা ক্যাম্পাসের নির্ধারিত বাস আটকে দেন। এতে সকালের প্রথম দিকের নির্ধারিত বাসগুলো ক্যাম্পাস ছেড়ে যেতে পারেনি। এরপর সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে তাঁদের সরিয়ে দেওয়ার জন্য প্রক্টর পুলিশকে নির্দেশ দেন। পুলিশ তাঁদের চলে যেতে বললে তাঁরা সেখান থেকে চলে আসেন।
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসেন বলেন, ‘আমরা ধর্মঘট সফল করতে সেখানে সকালের প্রথম ট্রিপের বাস বন্ধ করে দিই। পরের বাস বন্ধ করার জন্য সেখানে অবস্থান করছিলাম। এ সময় প্রশাসনে সরকারদলীয় কর্মকর্তা-কর্মচারীরা আমাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর প্রক্টর পুলিশ দিয়ে আমাদের সেখান থেকে সরিয়ে দেয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সকালে তারা বাস বন্ধ করে দিয়েছিল। আমি তাদের বাস বন্ধ করে সহিংস রাজনীতি বাদ দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি করতে অনুরোধ জানাই। কিন্তু তারা সেটা মানতে রাজি ছিল না। এরপর আমাদের বাস বিকল্প রাস্তা দিয়ে ক্যাম্পাস ছেড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়।’
ধর্মঘটে বাধা দেওয়ার প্রতিবাদে আজ দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।