রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগের কার্যক্রম শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স নামে নতুন দুটি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে৷ গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেমকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সভাপতি হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক আবদুল কুদ্দুস৷ বিভাগ দুটিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে৷
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, যুগোপযোগী ও শিক্ষার্থীদের চাহিদাসম্পন্ন বিষয়ে উচ্চশিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিভাগ দুটি চালুর প্রক্রিয়া শুরু হয়৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেয়ে বিভাগ দুটির কার্যক্রম শুরু হচ্ছে৷ ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে৷