রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। উপাচার্য নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে দুজনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ, কোষাধ্যক্ষ এম আবদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহম্মদ মিজানউদ্দিন ও কৃষি অনুষদের ডিন সোহরাব আলী বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘যে শিক্ষা মানবিক মূল্যবোধকে বিকশিত করে সেই শিক্ষায় সবাইকে শিক্ষিত হতে হবে। শিক্ষা শেষে শুধু একটি সনদপত্র অর্জনের লক্ষ্য শিক্ষাকে অর্থবহ করে না। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে—দেশ, জাতি ও সমাজ তথা মানবজাতির কল্যাণ।’ নবাগত ছাত্রছাত্রীরা সে লক্ষ্যে নিবেদিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ব্যবস্থাপনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।