রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার পরিসংখ্যান বিভাগের দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন উপাচার্য এম আবদুস সোবহান। এতে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্। সুবর্ণজয়ন্তীর স্মারক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মাসুম আলী।পরিসংখ্যান বিভাগের সভাপতি মোহাম্মদ নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক আইয়ুব আলী, পরিসংখ্যান অ্যালামনাইয়ের আহ্বায়ক সোহরাব আলী।বক্তারা বলেন, কোনো বিষয়ই পরিসংখ্যান ছাড়া সম্পূর্ণ নয়। বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ ও সংরক্ষণের জন্য পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপাচার্য, সহ-উপাচার্যসহ অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে পতাকা উত্তোলন করেন এবং বেলুন-ফেস্টুন ও সাদা পায়রা উড়িয়ে দেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। গতকাল উদ্বোধনী দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল পরিসংখ্যানবিষয়ক প্রদর্শনী, স্মৃতিচারণা ইত্যাদি। আজ শনিবারের কর্মসূচিতে আছে শোভাযাত্রা, সেমিনার, পরিসংখ্যান অ্যালামনাইয়ের সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।