রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুকদের চরম ভোগান্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিটের সাক্ষাৎকার শুরু হয়েছে গত বৃহস্পতিবার। তবে ক্যাম্পাস বন্ধের মাঝে সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম চলায় আবাসনব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সান্ধ্য কোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ২ ফেব্রুয়ারি সহিংস ঘটনার কারণে পরের দিন থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হলগুলো। তবে এর মধ্যে ভর্তি-ইচ্ছুকদের সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ই ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, আইন অনুষদভুক্ত বি ইউনিটের, বিজ্ঞান অনুষদভুক্ত জি, এইচ ও সি ইউনিটের এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ডি ইউনিটের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। আজ শনিবারও বেশ কয়েকটি ইউনিটের সাক্ষাৎকার নেওয়া হবে।
কলা অনুষদ সূত্রে জানা যায়, এ ইউনিটের বাংলা, আরবি, ইসলামিক স্টাডিজ বিভাগে লিখিত পরীক্ষা নেওয়া হবে আজ। এ দিন সকাল নয়টা থেকে ১০টায় বাংলা, ১১টা থেকে ১২টায় আরবি, একটা থেকে দুইটায় ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের জন্য তিন থেকে পাঁচ দিন পর্যন্ত রাজশাহীতে অবস্থান করতে হবে। প্রতিবছর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও আশপাশের ছাত্রাবাসগুলোতে অবস্থান করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করেন। কিন্তু এবার ক্যাম্পাস বন্ধ থাকায় তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে। থাকার জায়গা না পেয়ে ভর্তি-ইচ্ছুক ও তাঁদের অভিভাবকদের অতিরিক্ত অর্থ ব্যয় করে আবাসিক হোটেলে থাকতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সেশন জটের কথা চিন্তা করে বন্ধের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সামান্য ভোগান্তি হলেও এটা সেশন জট কমাতে সহায়ক হবে।