রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছাল চতুর্থবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চতুর্থবারের মতো পেছানো হলো। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১০, ১১, ১২, ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচিসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd) থেকে জানা যাবে।
গত ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় ১৮-দলীয় জোট হরতাল দেওয়ায় তারিখ পরিবর্তন করে ৫ থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচির কারণে সেই তারিখ আবারও পরিবর্তন করে ২৫ থেকে ২৮ ডিসেম্বর করা হয়। বড়দিন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় সেই তারিখ পরিবর্তন করে আবারও ২৮ থেকে ৩১ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৬০১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন এক লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।