রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ৫৬টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী। আজ প্রথম দিনে বি ও ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সি ও এইচ ইউনিটের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, পরীক্ষার্থীদের প্রবেশপত্রে পরীক্ষার ভবন, কক্ষ ও আসন নম্বর লেখা আছে। পরীক্ষার হলে মুঠোফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন ও ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া কেবল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন কাজলা, বিনোদপুর, চারুকলা ও স্টেশন গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে প্রধান ফটক দিয়ে বের হয়ে যেতে পারবে। প্রধান ফটক দিয়ে কোনো যানবাহন ঢুকতে পারবে না। তবে এই ফটক দিয়ে হেঁটে ক্যাম্পাসে ঢোকা যাবে। ক্যাম্পাসে চারটি স্থানে হেল্প ডেস্ক থাকবে। যেকোনো সহযোগিতার জন্য সেখানে যোগাযোগ করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সেই সঙ্গে সিনেট ভবনের সামনে থাকবেন একটি ভ্রাম্যমাণ আদালত। এই আদালতে পরীক্ষায় জালিয়াতিসহ প্রাসঙ্গিক অপরাধের তাৎক্ষণিক বিচার করা হবে।