রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৫-৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারিত হয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

১০ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ১৮-দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টার হরতালের কারণে পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো পরীক্ষা যদি অনিবার্য কারণে অনুষ্ঠিত হতে না পারে সে ক্ষেত্রে পরবর্তী শুক্রবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচিসহ অন্যান্য তথ্য শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৬০১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের জন্য ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।