রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১৯ অক্টোবর থেকে শুরু হবে, শেষ হবে ২৫ অক্টোবর। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ অক্টোবর সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এইচ-ইউনিটের বিজোড় রোল নম্বরধারী এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এইচ-ইউনিটের জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা হবে। একই দিন বেলা একটা থেকে দুইটা পর্যন্ত সি-ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।
২০ অক্টোবর সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এফ-ইউনিটের বিজ্ঞান গ্রুপ, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এফ-ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপ এবং বেলা একটা থেকে দুইটা পর্যন্ত জি-ইউনিটের পরীক্ষা হবে।
২১ অক্টোবর সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ডি-ইউনিটের বাণিজ্যের বিজোড় রোল নম্বর, বেলা ১১টা থেকে ১২টা ডি-ইউনিটের বাণিজ্যের জোড় রোল নম্বর ও সব অ-বাণিজ্য রোল নম্বরধারীদের, বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ই-ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ই-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।
২২ অক্টোবর সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত বি-ইউনিটের বিজোড় রোল নম্বর, বেলা ১১টা থেকে ১২টা বি-ইউনিটের জোড় রোল নম্বর, বেলা একটা থেকে দুইটা এ-ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।
২৩ ও ২৫ অক্টোবর বিভিন্ন বিভাগের লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য হলে) পরীক্ষার জন্য নির্ধারিত করা হয়েছে। যার সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আসনবিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd বা admission.ru.ac.bd থেকে জানা যাবে।