পশুপালন বিভাগ বাতিলের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, হাজী দানেশের প্রশাসনিক ভবনে তালা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে অ্যানিমেল হাজবেন্ড্রি (পশু পালন) বিভাগ খোলার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা গতকাল বুধবার মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করেছেন। একই দাবিতে গতকাল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাথায় কাফনের কাপড় বেঁধে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক নবিবর রহমান।এতে অভিযোগ করা হয়, অনেক আগে থেকেই দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগে সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু আছে। পাঁচ বছর মেয়াদের সমন্বিত এই বিভাগ থেকে পাস করার পর একজন শিক্ষার্থীকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদান করা হয়। এরপর তিনি বিভিন্ন উপজেলা ও জেলা সদরের প্রাণিসম্পদ বিভাগে চাকরি করার সুযোগ পান। কিন্তু সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাখাওয়াত হোসেন ফ্যাকাল্টি অব ভেটেরিনারি সায়েন্সের শিক্ষকদের দিয়ে নতুন করে অ্যানিমেল হাজবেন্ড্রি নামের একটি বিভাগ খোলার সিদ্ধান্ত নেন। এর অনুমোদন তিনি একতরফাভাবে একাডেমিক কাউন্সিলের কাছ থেকে করিয়ে নিয়েছেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগ থাকার পরও নতুন করে স্বতন্ত্রভাবে চার বছর মেয়াদি অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের কোনো প্রয়োজন নেই। নতুন করে এই বিভাগ খোলা হলে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের চাকরিক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হওয়াসহ নানা ধরনের জটিলতা ও সমস্যা তৈরি হবে।অবরোধ করার ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিধান চন্দ্র হালদার প্রথম আলোকে বলেন, চলমান সংকট নিরসনে আগামীকাল (আজ) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের ডিনদের নিয়ে সভা আহ্বান করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডাকা জরুরি সভায় যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের দাবি ওই সভায় উত্থাপনের আশ্বাস দেওয়া হলে বেলা তিনটায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।