রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৈত্রী নাট্যোৎসব শুরু হচ্ছে কাল
‘মিলি মৈত্রী বন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল বুধবার থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজিত এই উৎসবে দুই বাংলার ১০টি নাট্যদল অংশ নিচ্ছে। উৎসবে মোট ১০টি নাটক প্রদর্শিত হবে।
নাট্যোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকগুলোর মঞ্চায়ন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের দৃশ্যপট এবং প্রাঙ্গণেমোর নাট্যদল, ভারতের ত্রিপুরার নাট্যভূমি, কলকাতার সুন্দরম ও কালিন্দী ব্রাত্যজন নাট্যদল।