রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুস্তম হত্যা মামলা ডিবিতে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা রুস্তম আলী আকন্দ হত্যা মামলা অধিকতর তদন্তে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার রাতে মামলাটি নগরের মতিহার থানা থেকে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডে শিক্ষকদের পর এবার দাবি আদায়ে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রুস্তম হত্যাকাণ্ডের এক দিন পর ৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলাটি করেছিলেন। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলমসহ আট নেতা-কর্মীকে আসামি করা হয়। এ ঘটনায় ছাত্রশিবিরের দুই নেতা-কর্মী—সানাউল্লাহ জ্যাকি ও খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নগর পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরাই জড়িত—এ রকম অভিযোগ ক্যাম্পাসের সবার মুখে মুখে। এ অবস্থায় মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশে ন্যস্ত করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) প্রলয় চিসিম বলেন, গুরুত্ব বিবেচনা করে অধিকতর তদন্তে মামলাটি বুধবার রাতে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মামলার যাবতীয় কাগজ হাতে পেলে তদন্ত শুরু করা হবে। ৪ এপ্রিল হলের নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ।
কৃষি বিশ্ববিদ্যালয়ে আলটিমেটাম: সায়াদ হত্যার ঘটনায় দুটি দাবি আদায়ে প্রশাসনকে গতকাল আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে দাবি না মানলে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তিন দফা দাবিতে আগামী সোমবার পর্যন্ত প্রশাসনকে সময়সীমা বেঁধে দেয়।