রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে নবনির্মিত শ্রেণিকক্ষ এবং শিক্ষকদের ব্যক্তিগত কক্ষ (চেম্বার) পুনর্বণ্টনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফিশারিজ বিভাগ ও অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগ দুটি এ অবস্থান কর্মসূচি পালন করে।
এর আগে গত ২৮ আগস্ট কক্ষ বরাদ্দ নিয়ে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিশারিজ ও অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে অসন্তোষ দেখা দেয়। ওই দিন অ্যাগ্রোনমি ও ফিশারিজ বিভাগের শিক্ষকেরা কৃষি অনুষদের অফিসকক্ষ এবং দোতলার দক্ষিণ ব্লকের শ্রেণিকক্ষগুলো তালা দিয়ে অনুষদ অফিসের সামনে অবস্থান নেন।
গতকাল সকাল ১০টা থেকে ফিশারিজ বিভাগের উপরেজিস্ট্রারের কক্ষের সামনের বারান্দায় ব্যানার ও চেয়ার নিয়ে অবস্থান ধর্মঘটে বসেন বিভাগের ১০-১২ জন শিক্ষক। এর বিপরীত দিকে চেয়ার নিয়ে বসে আছেন অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষকেরা।
ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক আফজাল হুসাইন বলেন, ‘শ্রেণিকক্ষ ও শিক্ষকদের চেম্বার একতরফাভাবে বণ্টন করা হয়েছে। আমরা সুষম বণ্টনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের সঙ্গে অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ একাত্মতা ঘোষণা করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’
কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক শাহানা কায়েস বলেন, কক্ষ বণ্টনের নিয়ম অনুযায়ী যে বিভাগের কক্ষ কম আছে, তাদের আগে অন্যদের সমান বরাদ্দ দিতে হবে।