রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের ধর্মঘটে সংঘর্ষ-বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ডাকা ধর্মঘট চলাকালে শিবির-পুলিশ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ধর্মঘটের কারণে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।
ক্যাম্পাসে ১৬ জুন শিবিরের নেতা রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আজ এক দিনের ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আজ সকাল পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট দিয়ে শিবিরের কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরের কর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। পুলিশ পাল্টা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাসে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা জানান, ধর্মঘট শুরুর পর সকাল সোয়া আটটার দিকে নগরের বর্ণালী মোড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করেন শিবিরের কর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের একটি বাস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান ধর্মঘটের সমর্থকেরা। এর আগে ধর্মঘটের শুরুতেই সকালে ক্যাম্পাসে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে ক্যাম্পাসে ধর্মঘটবিরোধী মহড়া দিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের নেতৃত্বে সকাল নয়টার দিকে ক্যাম্পাসে এ মহড়া দেওয়া হয়। মহড়া শেষে টুকিটাকি চত্বরে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে গিয়ে দেখা যায়, বিভাগগুলোর অফিস এবং বিভাগীয় চেয়ারম্যানের অফিসকক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে শিক্ষকেরা কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে প্রশাসনিক কার্যক্রম চলেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে নাশকতা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, অভিযান চালিয়ে সকালে নগরের মণ্ডলের মোড় থেকে শিবির সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।