রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিল্পীদের চিত্রকর্ম নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘প্রথম চোরকুঠুরি শিল্পকর্ম প্রদর্শনী’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত এই শিল্পকর্ম প্রদর্শনীতে বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। মোট ১০ জন তরুণ শিল্পীর ৫৬টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। এর মধ্যে চিত্রকর্ম রয়েছে ৪১টি, ভাস্কর্য ৯টি ও আলোকচিত্র ৬টি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজক সংগঠন চোরকুঠুরি আর্ট গ্রুপের আহ্বায়ক নারগিস পারভীন জানান, প্রতিটি শিল্পকর্মে নারী, সমসাময়িক পরিস্থিতি, দেশ, সমাজ ও প্রকৃতির বিভিন্ন প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ঢাকার বাইরে শিল্পকর্মের বিস্তার ঘটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গতকাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম ফারুক। নারগিস পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমদ, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক টি এম এম নূরুল মোদ্দাসের চৌধুরী প্রমুখ।