রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবর্ধিত ৬৪ কৃতী শিক্ষার্থী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা যদি আমাদের নিজস্ব সমস্যা সমাধানে জ্ঞান সৃষ্টি না করতে পারি, তাহলে সে সমাধান কে দেবে? যদি কোনো বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টি করতে না পারে, জনগণের সমস্যা সমাধানে ভূমিকা না রাখতে পারে—তাহলে বিশ্ববিদ্যালয় দিয়ে কী হবে? আর কেনইবা আমরা জনগণের অর্থ বিশ্ববিদ্যালয়ে দেব।’
গতকাল বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি এ-ও বলেন, ‘আমরা জানি আমাদের গবেষণায় বরাদ্দ খুব সীমিত, তবু এ নিয়েই কাজ এগিয়ে নিতে হবে।’
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল-ইসলাম। স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বিশ্ববিদ্যায়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, তিনজনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও একজনকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়েছে।