রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল থেকে আট ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে শনিবার রাতে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে আট ছাত্রকে পিটিয়ে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই শিক্ষার্থীদের চারজনকে গুরুতর আহত অবস্থায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হল ও আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ডিলসের নেতৃত্বে দলটির আট-দশজন কর্মী সন্দেহভাজন ছাত্রশিবিরের কর্মীদের ধরতে বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। এ সময় ছাত্রশিবিরের কর্মী সন্দেহে খালেদ রাজীব, গোলাম মওলা, তারেকুজ্জামান ও খায়রুল ইসলামসহ আট ছাত্রকে হল থেকে পিটিয়ে বের করে দেন। বাকি চারজনের নাম জানা যায়নি। খালেদ, গোলাম মওলা, তারেকুজ্জামান ও খায়রুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমদ আলী ওই ছাত্রদের হল থেকে বের করে দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘ছেলেরা হয়তো দু-একটা চড়থাপড় দিতে পারেন। হলটিতে ছাত্রলীগের অবস্থান ভালো দেখে ছাত্রশিবির পরিকল্পিতভাবে সেখানে তাঁদের কর্মীদের ঢুকিয়েছে। ছাত্রলীগের কর্মীরা তাঁদের খুঁজে বের করেন।’ হলের প্রাধ্যক্ষ মো. শেরেজ্জামান বলেন, ‘কয়েকজন আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার ঘটনা শুনেছি।’