রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার পরিকল্পনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের জামায়াতে ইসলামীপন্থী চার শিক্ষক এবং জামায়াত-শিবিরের ১৫ নেতা। এসব শিক্ষক ও নেতা ওই হামলার আগের দিন বৈঠক করেছিলেন। ওই হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা গিয়াস উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই শিক্ষক ও নেতাদের নাম উল্লেখ করেছেন। গত মঙ্গলবার মহানগর হাকিম আদালতে বিচারক জিয়াউর রহমান এ জবানবন্দি গ্রহণ করেন। পরে গিয়াসকে জেলহাজতে পাঠানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবানবন্দিতে গিয়াস যে শিক্ষকদের নাম উল্লেখ করেছেন তাঁরা হলেন আনোয়ারুল ইসলাম, বেলাল হোসেন, নুরুল ইসলাম ও আইয়ুব আলী। জবানবন্দি সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বিনোদপুরের ইসলামিয়া কলেজে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাদের একটি বৈঠক হয়। বৈঠকে চার শিক্ষকের পাশাপাশি রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ, দলের মতিহার থানা শাখার সভাপতি আবদুস সাত্তার, সেক্রেটারি গিয়াস উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি সারোয়ার হোসেন, কাটাখালী পৌর আমির মাজেদুল রহমান, বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি শামসুল আলম ওরফে গোলাপ, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।