টানা ৩৫ দিন বন্ধ থাকার পর ১০ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। এর আগে ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিটিং-মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার, পোস্টারিং, প্রচারপত্র প্রচার ও বিতরণ নিষিদ্ধ থাকবে। ছাত্রহলগুলোতে বৈধ ছাত্র ছাড়া অন্য কেউ অবস্থান করতে পারবেন না। তবে ছাত্রী হলে সংশ্লিষ্ট হলের অনাবাসিক ছাত্রীরা হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অবস্থান করতে পারবে।
সিন্ডিকেট বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। হামলার পর ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ। ওই দিনই জরুরি সিন্ডিকেটের সভায় ৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। একই বৈঠকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইলিয়াছ হোসেন গতকাল জানান, ১০ মার্চ থেকে যথারীতি ক্লাস শুরু হবে। এরপর নিজ নিজ বিভাগ তাদের সুবিধামতো সময়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবে। ক্যাম্পাসে থাকার সময় সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
ছাত্রলীগের সংবাদ সমেঞ্চলন: সিন্ডিকেটের সভার আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গতকাল দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সমেঞ্চলন করে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখাসহ আট দফা দাবি জানায়।
ছাত্রলীগের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: সেশনজট দূর করতে গ্রীষঞ্চকালীন ছুটি বাতিল করা, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা, সংঘর্ষের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শাস্তির ব্যবস্থা করা, বিভিন্ন ভবনে ভাঙচুরকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা।
গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে এই দাবিগুলো ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয় বলে সংবাদ সমেঞ্চলনে জানান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিজানুর রহমান।