রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে সপরিবারে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান বরাবর ডাকযোগে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপাচার্য চিঠিটি হাতে পান। রাজশাহী নগরের মতিহার থানায় গতকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।চিঠিতে বলা হয়, অবিলম্বে ক্যাম্পাসে ছাত্রশিবিরকে প্রবেশ করতে না দিলে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ তাঁদের পরিবারের সদস্যদের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মতো মৃত্যুবরণ করতে হবে। চিঠির নিচে জেএমবি লিখে স্বাক্ষর করা আছে। চিঠিটি ২ জুন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিনোদপুর বাজার থেকে পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস নৃশংসভাবে খুন হন।চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপাচার্য এম আবদুস সোবহান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রশিবিরের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন খুন হন। ওই হামলায় পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মীও আহত হন। এসব ঘটনায় মতিহার থানায় ছাত্রশিবিরের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। পুলিশ এসব মামলায় ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বাকি নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।এ ব্যাপারে চেষ্টা করেও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত কোনো নেতার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।