রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যার ঘটনায় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেসব বিষয় তদন্তের জন্য একটি কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ রুল জারি করেন। আগামী আট দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব ও পুলিশের মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য রুহুল কুদ্দুস বাবু ও মনজিল মোরসেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নৃশংসতা, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাসংক্রান্ত সংবাদমাধ্যমে গতকাল প্রকাশিত দুটি প্রতিবেদন আদালতের দৃষ্টিতে আনেন। তাঁরা বলেন, একজন ছাত্রকে হত্যা করে ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছে। চারজনের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এ ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এঁড়াতে পারে না। এ জন্য একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা প্রার্থনা করেন আইনজীবীরা। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।