রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে সত্যানুসন্ধান কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতা-নিপীড়ন এবং বাণিজ্যিক সন্ধ্যাকালীন কোর্স ও বর্ধিত ফি-বিরোধী আন্দোলনের যৌক্তিকতা বিচারে একটি সত্য অনুসন্ধান কমিটি গঠন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ।
এই কমিটি সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতার ভিডিও ফুটেজ, প্রকাশিত-অপ্রকাশিত ছবি ও তথ্য প্রতিবেদন সংগ্রহ করে ৮ ফেব্রুয়ারি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। এরপর তাঁরা নির্যাতিত ও প্রত্যক্ষদর্শী এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলবেন। ১৮ ফেব্রুয়ারি শহীদ জোহা দিবসে সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল প্রতিবেদন প্রকাশ করা হবে। এ ছাড়া প্রয়োজনে আগামী ১ মার্চ সম্পূরক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
কমিটির সদস্য আরিফ রেজা মাহমুদ আজ বুধবার প্রথম আলোকে জানান, ‘আন্দোলনের যৌক্তিকতা এবং কেন, কীভাবে কোন প্রক্রিয়ায় সহিংসতা হলো, তা খুঁজে বের করাই কমিটির মূল কাজ হবে।’
তদন্ত কমিটির সদস্যদের মধ্যে আরও রয়েছেন আরাফাত সিদ্দিক, উদিসা ইসলাম, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, জাহিদ জন, সালাহউদ্দীন সুমন, বাঁধন অধিকারী ও সারোয়ার সুমন।