রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা শুধু উদ্ভাবন ও তা ব্যবহার করার মতো জনশক্তি তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমরা যদি দেশ-জাতি-সমাজ তথা সামগ্রিকভাবে বিশ্ব মানবতার কল্যাণে নিজেদের বিকশিত করতে পারি, তবেই আমাদের শিক্ষা অর্থবহ হবে। আমাদের লক্ষ্য হচ্ছে মানবিক মূল্যবোধে বিকশিত পরিপূর্ণ মানুষ গড়ে তোলা।
গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদ, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্যসচিব ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. এন্তাজুল হক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গৌরবের ৬২ বছর’ শীর্ষক কর্মসূচির শুরুতে গতকাল সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা এবং বিভিন্ন হলের পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানোর পর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। এরপর সিনেট ভবন চত্বরেও স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।