রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
‘প্রদীপ্তির প্রত্যয়ে’—স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ৬ জুলাই শুক্রবার ছুটির দিন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে।এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপাচার্য এম আবদুস সোবহান জাতীয় পতাকা তোলেন এবং বেলুন-ফেস্টুন ওড়ানো হয়। পরে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপাচার্য বলেন, প্রায় ছয় দশক ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছাড়াও মৌলিক গবেষণার ক্ষেত্রে ঐতিহ্যের স্বাক্ষর রেখে চলেছে। জাতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও এ বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবস্থান রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্য ও গৌরবের ধারা অক্ষুণ্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান।গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৫৩ সালের ৬ জুলাই ১৬১জন শিক্ষার্থী নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।