রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তাঁর ছোট ভাই কামরুল হাসান বাদী হয়ে নগরের মতিহার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এ মামলা করেছেন। আজ শনিবার বিকেল পাঁচটায় এ মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মৃত্যুর পর আকতার জাহানের কক্ষ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে। ওই চিরকুটের সূত্র ধরেই আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। এজাহারে কারও বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়নি।
মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) একরামুল হক জানান, মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আকতার জাহানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ নিয়ে স্বজনেরা ঢাকার দিকে রওনা হন। পারিবারিক সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
আজ বেলা দেড়টার দিকে আকতার জাহানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক এনামুল হক বলেন, ‘শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা সন্দেহ করছি বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছি ঢাকায়। প্রতিবেদন এলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষকদের জন্য নির্ধারিত জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় শিক্ষক আকতার জাহানকে উদ্ধার করে পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিন দিন আগে থেকে যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন তিনি।
আরও পড়ুন: