রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়োর হোসেন ওরফে সুইটের (২০) লাশ পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। আনোয়ার হোসেনের বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ধরমপুর এলাকায়। তাঁর বাবা নূরুন্নবী বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার একজন কর্মচারী বলে জানা গেছে। রাজশাহী জিআরপি থানার পুলিশ গতকাল রোববার ভোরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভদ্রা এলাকার ওলী বাবার মাজারের কাছে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন, ‘গতকাল ভোরে পথচারীরা রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী জিআরপি থানায় নিয়ে আসে। গতকাল দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে অথবা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনোয়ার হোসেন মারা গেছেন।’নিহত আনোয়ারের বাবা নূরুন্নবী বলেন, ‘আনোয়ার শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। আনোয়ার মারা গেছে, কিছুতেই বিশ্বাস করতে পারছি না।’ রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক আলী আকবর বলেন, ‘ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে যেসব লক্ষণ দেখা যায়, লাশের শরীরের সেসব লক্ষণই ছিল। হত্যা করার কোনো চিহ্ন লাশের শরীরে ছিল না। ময়নাতদন্তে আত্মহত্যার বিষয়টিই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।’