রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনদে ভুল, কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বিভাগের সাময়িক সনদে ব্যাকরণগত ভুল ধরা পড়েছে। এ ভুল সংশোধন করা এবং বিভিন্ন বিভাগের সনদগুলো একই রকম করে লেখার জন্য ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের শিক্ষক আখতার ফারুকের নেতৃত্বে সম্প্রতি পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাজকর্ম বিভাগের একজন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। ওই শিক্ষার্থীর সনদে দশমিকের পর তিন ঘর ব্যবহার করা হয়েছে। তিনি তাঁর সনদটি সংশোধন করে দশমিকের পর দুই ঘরবিশিষ্ট করার জন্য আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের নেতৃত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সনদের ভুলের প্রসঙ্গটিও উত্থাপন করা হয়।
সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের ৪৭টি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সনদ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ডিপ্লোমা কোর্স ও মেডিকেল কলেজের সনদ দেওয়া হয়। সনদগুলো একইভাবে লেখা নয়। এগুলো বিভিন্ন বিভাগ থেকে নিজের মতো প্রস্তাব করা হয়েছে। একাডেমিক কাউন্সিলে তা পাস করা হয়েছে। ফলে একেক বিভাগের সনদ একেক রকম হয়েছে। কোনো কোনো বিভাগের সাময়িক সনদে ব্যাকরণগত ভুলও রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, একান্তই বিশেষায়িত কিছু বিভাগ ছাড়া অন্তত একই অনুষদের অধীনের সব বিভাগের সনদ যেন একই রকম হয়। সেই সঙ্গে সনদের ব্যাকরণগত ভুল ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কী ধরনের ব্যাকরণগত ভুল রয়েছে, জানতে চাইলে কমিটির সদস্য মাসউদ আখতার বলেন, কিছু কিছু সনদে শুধু ‘ওয়াজ’ বাদ পড়েছে। আবার হিজ/হার থাকার কথা থাকলে কোনোটিতে হার বাদ পড়েছে। কোথাও অপ্রয়োজনীয় কমা ব্যবহার করা হয়েছে।
তবে কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আসাবুল হক বলেছেন, এটাকে ভুল বলা ঠিক হবে না। কারণ, আগের চেয়ে এখন ইংরেজি আরও আধুনিকভাবে লেখা হয়। এ কারণে কেউ এটাকে ভুল মনে করছেন, কেউ করছেন না। এ জন্য দেখতে দেওয়া হয়েছে। তাঁরা আসলে কাজ করছেন সব বিভাগের সনদ যাতে একই রকম হয়, তা ঠিক করার লক্ষ্যে। এতে কোনো ধরনের ভুল থাকলে সেটাও ঠিক হয়ে যাবে।
কমিটির আহ্বায়ক আখতার ফারুক বলেন, বিষয়টি কমিটির পক্ষ থেকে উপাচার্যকে মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি কাজ করতে সম্মতি দিয়েছেন। বলেছেন, পরে এটা অনুমোদন করা যাবে।