রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

পরীক্ষা স্থগিতের ঘোষণার পর বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। এরপর বিকেল পৌনে পাঁচটার দিকে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একই পদের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য রাকাবের সঙ্গে চুক্তিবদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘অনিবার্য কারণবশত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণি) পদে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো।’ তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে রাকাবের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ সালাহউদ্দিন গাজী বলেন, ‘পরীক্ষা গ্রহণের সম্পূর্ণ দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের। তারা কেন পরীক্ষা স্থগিত করেছে, এ বিষয়ে তারাই বলতে পারবে।’
ব্যাংক সূত্র জানায়, এই নিয়োগ পরীক্ষায় মোট ৩০ হাজার ৯০৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। প্রথম শিফটের পরীক্ষা শেষ হওয়ার পর বেলা আড়াইটার দিকে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়।