রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ডিনের পদত্যাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ধর্মীয় উসকানির দায়ে শাস্তিপ্রাপ্ত চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।’
গত বুধবার ৪৭৪তম সিন্ডিকেট সভায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে উসকানিমূলক দুটি প্রশ্ন রাখার দায়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং প্রশ্নপত্র প্রণয়নকারী চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমাকে আগামী ১০ বছরের জন্য সব ধরনের পরীক্ষা কার্যক্রমে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে আইনগত কোনো বাধা না থাকলে মোস্তাফিজুর রহমানকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে ডিন ক্যাটাগরিতে বিএনপিপন্থী সাদা প্যানেল থেকে নির্বাচিত হন।
গত ২৫ অক্টোবর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একটি প্রশ্ন ছিল, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কী?’ এই প্রশ্নের চারটি অপশন ছিল-ক. পবিত্র কোরআন শরিফ খ. পবিত্র বাইবেল গ. পবিত্র ইঞ্জিল ঘ. গীতা। অন্য প্রশ্নটি হলো—‘মুসলমান রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে?’ এরপর ওই দুটি প্রশ্নকে সাম্প্রদায়িক উসকানি উল্লেখ করে বামপন্থী ছাত্রসংগঠন ও শিক্ষকেরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। দেশের বিভিন্ন মহলেও এ প্রশ্নপত্র নিয়ে সমালোচনা শুরু হয়।