রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে হলে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নাশকতা এড়াতে পুলিশ গতকাল শনিবার বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করেছে। এদিকে নতুন বছরকে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ে নানা প্রস্তুতি নিয়েছে বিভিন্ন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল দুপুর ১২টার দিকে হবিবুর রহমান হলে থেকে তল্লাশি অভিযান শুরু হয়। পরে সোহরাওয়ার্দী, শামসুজ্জোহা, আমির আলী ও আবদুল লতিফ হলে তল্লাশি চালায় পুলিশ। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ জানান, হবিবুর রহমান হলের সামনে থেকে বহিরাগত তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ওসি বলেন, বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তার পাশাপাশি নাশকতার প্রস্তুতির কিছু সুর্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে হলগুলোতে এ অভিযান চালানো হয়েছে।শিক্ষার্থীরা জানান, প্রতিবছরের মতো এবারও বর্ষবরণের মূল আয়োজনের দায়িত্বে রয়েছে চারুকলা বিভাগ। মঙ্গল শোভাযাত্রা বের হবে এ বিভাগের উদ্যোগে। এ ছাড়া বিভাগের উদ্যোগে পয়লা বৈশাখ থেকে চারুকলা মাঠে চলবে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।বাংলা বিভাগ এবং বাংলা সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবন চত্বরে, নাট্যকলা ও সংগীত বিভাগের উদ্যোগে ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে আয়োজন করা হবে নানা অনুষ্ঠানের।