রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ জুলাই। ১৯৫৩ সালের এই দিনে মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় উত্তরবঙ্গের সর্বোচ্চ এ বিদ্যাপীঠ। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার ১০টা ১৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ আখতার জাহান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
গতকাল ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন স্থাপনা ও ভবনগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। সেখানে শোভা পাচ্ছে রংবেরঙের আলোকসজ্জা।