রাজশাহী বেতার সম্প্রচার কেন্দ্রে যন্ত্রাংশ চুরি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও রাজশাহী বেতার সম্প্রচার কেন্দ্রের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এবার একটি ট্রান্সফরমার, কয়েল ও তামার তার চুরি গেছে। আগে বিভিন্ন সময় এ সম্প্রচার কেন্দ্রের যন্ত্রাংশ চুরি হলেও তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা পর্যন্তই অগ্রগতি হয়েছে। তারপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চুরিও থামেনি।
কেন্দ্রের প্রকৌশল বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, গত শুক্রবার দিবাগত রাতে সম্প্রচার কেন্দ্রের মাঠ থেকে একটি ট্রান্সফরমার, কয়েল ও প্রায় ২০ গজ তামার তার চুরি হয়। ট্রান্সফরমারটি সম্প্রচার টাওয়ারে আলো জ্বালানোর কাজ করত।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ২০১১ সালেও বেতারের খুচরা যন্ত্রাংশ ও একটি মোটর পাম্প চুরি হয়। কিন্তু এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বেতারের প্রকৌশল শাখায় কর্মরত ব্যক্তিরাই চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছিল। প্রতিবেদনে আরও জানানো হয়, আগের ঘটনায় কারও সাজা না হওয়ায় চুরি বাড়ছে। এক মণ ওজনের মোটর পাম্পটি চুরির সঙ্গে রেডিও টেকনিশিয়ান হাসান আব্বাস জড়িত বলে প্রতিবেদনে উল্লেখও করা হয়। কিন্তু এর পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং গত শুক্রবার রাতেও তিনি কেন্দ্রে পালাপ্রধানের দায়িত্ব পালন করেন।
প্রকৌশল বিভাগের সূত্রটি আরও জানায়, সম্প্রচার কেন্দ্র এলাকাটি সংরক্ষিত। অথচ কর্তৃপক্ষ অবৈধভাবে এখানকার ১৮ একর জমি বন বিভাগকে ইজারা দিয়েছে। এর পর থেকেই এলাকাটি যেন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ৎআঞ্চলিক প্রকৌশলী মেরাজ উদ্দিন আহাম্মেদ জানান, শুক্রবারের চুরির ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, সংরক্ষিত জমি আগের কর্মকর্তা ইজারা দিয়েছেন। এ ব্যাপারে ঢাকা থেকে তদন্ত হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আগের চুরির ঘটনাগুলোতে কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি তা তিনি জানেন না বলে মন্তব্য করেন।