রাজশাহী বেতারে ১১ জন সহকারী পরিচালকের মধ্যে আছেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বেতারে ১১ জন সহকারী পরিচালকের মধ্যে রয়েছেন মাত্র একজন। পাঁচজন উপপরিচালকের জায়গায় আছেন মাত্র একজন। এই সংকটের মধ্যে বেতারের দাপ্তরিক কাজের ভার পড়েছে অনিয়মিত শিল্পী-কুশলীদের ওপর। সামান্য সম্মানীর বিনিময়ে এই শিল্পী-কুশলীদের সারা দিন কেটে যায় বেতারে। ভুক্তভোগীরা জানান, কর্মকর্তারা কেউই রাজশাহীতে থাকতে চান না। বেতারের একটি সূত্র জানিয়েছে, ২০০৫ সালে ২৪তম বিসিএসের মাধ্যমে যখন বেতারে কর্মকর্তা নিয়োগ করা হয়, তখন প্রায় সব দপ্তরেই কর্মকর্তা ছিলেন। কিন্তু এরপর থেকে একে একে বেতারের কর্মকর্তারা সুবিধামতো জায়গায় বদলি নিয়ে চলে যেতে থাকেন। যে কর্মকর্তা এখান থেকে চলে যান, তাঁর শূন্যপদে আর কোনো লোক দেওয়া হয় না। এ অবস্থায় একে একে দপ্তরগুলো ফাঁকা হয়ে যায়। গত প্রায় এক বছরের বেশি সময় ধরে একজন উপপরিচালক একাই পাঁচজনের দায়িত্ব পালন করছেন। আর ২০০৫ সালের পর থেকে সহকারী পরিচালকের পদগুলো কম সময়ই পূর্ণ ছিল। সর্বশেষ দুজন সহকারী পরিচালক এখানে কর্মরত ছিলেন। তাঁদের একজনকে গত মাসে রংপুরে চার মাসের জন্য প্রেষণে পাঠানো হয়েছে। সূত্রটি জানায়, এখন রাজশাহী বেতারের সম্প্রচার চালু রাখতে কর্তৃপক্ষকে বেতারের অনিয়মিত শিল্পী-কুশলীদের ওপর নির্ভর করতে হচ্ছে। তাদের অনুষ্ঠান সংক্রান্ত সব কাজ করতে হয়। সেই সঙ্গে করতে হয় প্রযোজনা সহকারী, যন্ত্রী, অনুলিপিকার, ডিউটি অফিসার ও পাণ্ডুলিপি লেখকের কাজ। এ ছাড়া রয়েছে সংস্থাপন কর্মচারীর মতো কম্পিউটার অপারেটর, পিএ, টাইপিস্ট, অফিস সহকারী, ডেসপাস, গাড়িচালক, পাম্প/জেনারেটর অপারেটর, হিসাব সহকারী, বার্তা শাখায় নিউজ রাইটার, কপি রাইটার, এমএলএসএস, প্রধান ফটকের চৌকিদার, মালির কাজ। এসব শিল্পী-কলাকুশলীদের ক্ষোভ, তাঁরা কোন শ্রেণীর কর্মচারী তাঁরা নিজেরাই জানেন না। বছরের পর বছর তাঁরা কাজ করে যাচ্ছেন; কিন্তু তাঁদের নিয়মিত করা হচ্ছে না। সামান্য সম্মানীতে সারা দিন কাজ করে তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। বেতারের আঞ্চলিক পরিচালক মো. ছালেহ উদ্দিন এই সংকটের কথা স্বীকার করে বলেন, ঢাকা ছাড়া সারা দেশেই বেতারের লোকবলের একই চিত্র। নিয়োগ হচ্ছে না। যে লোকবল আছে তা দিয়েই চালানোর চেষ্টা করা হচ্ছে। অনিয়মিতদের ব্যাপারে তিনি বলেন, প্রতিবছর তাঁদের সামান্য করে সম্মানী বড়ানো হয়। তবে এ ব্যাপারে তাঁর ক্ষমতা খুবই সীমিত।